Posts

Showing posts from July, 2022

অতিথি

আমাদের দেশে একটি নতুন শিশুর আগমন জানাতে পরিবার বলে "ঘরে নতুন অতিথি আসছে"।  ছোট বেলায় ভাবতাম অতিথি কেন বলবে। যে আসবে সেতো এই পরিবারেরই, তাহলে অতিথি আসছে আবার কেমন কথা। ''অতিথি'' কেমন একটা ক্ষণস্থায়ী শোনায়।  সঠিক কি মর্মে এই অতিথি বলার প্রচলন হয়েছিল তা আমার অজানা। তবে কিছুটা নিজের অনুধাবিত ব্যাখ্যা আমি সাজিয়েছি। আমরা আসলে সবাই অতিথি, পরিবারে নয়, এই পৃথিবীতে।  পৃথিবীটা আসলে প্রকৃতির, নদী, পাহাড়, সমুদ্রের। আমাদের থাকতে দিয়েছে মাত্র। অতিথি হিসেবে এই সবের ওপর আমাদের পূর্ণ অধিকার নেই তাই একদিন ছেড়ে চলে যেতে হয়।ছেড়ে চলে যাই।  পৃথিবী অতিথি পরায়ণ বটে। নানা আয়োজন তার বুকে, এক জীবন সময় নিয়ে এসে সম্পূর্ণটার স্বাদ নেওয়া কঠিন বৈকি। তবে যাপিত জীবনে ব্যস্ততার মাঝেও মনে রাখতে চাই বিধাতা আমাকে এই পৃথিবীর নিমন্ত্রণ গ্রহণ করতে দিয়েছেন, এর আয়োজনে অভিভূত হওয়ার কিছুটা অধিকার দিয়েই।